বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সমস্যার সমাধানে দ্রুত নতুন নিরাপত্তা প্যাচও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের তথ্য অনুযায়ী, ‘সিভিই-২০২৬-৩৯০৯’ এবং ‘সিভিই-২০২৬-৩৯১০’ নামের দুটি ত্রুটি মূলত স্কিয়া ২ডি গ্রাফিকস, জাভাস্ক্রিপ্ট এবং ওয়েবঅ্যাসেম্বলি ইঞ্জিনে বিদ্যমান ছিল। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর কম্পিউটারে ব্যবহৃত ব্রাউজারে ক্ষতিকর কোড যুক্ত করতে পারত এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পেত।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, এই ত্রুটিগুলো অত্যন্ত বিপজ্জনক। সেগুলো ব্যবহার করে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে কোড পাঠিয়ে বড় ধরনের ফিশিং হামলা চালানো সম্ভব ছিল। ঝুঁকি মোকাবিলায় উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য ১৪৬.০.৭৬৮০.৭৫/৭৬ এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য ১৪৬.০.৭৬৮০.৭৫ সংস্করণের নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হয়েছে।
গুগল আরও জানিয়েছে, পুরোনো সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা এখনো এই ত্রুটির ঝুঁকিতে রয়েছেন। তাই অনলাইনে নিরাপদ থাকতে হলে দ্রুত হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষায়, জিরো ডে নিরাপত্তাত্রুটি হলো সফটওয়্যারের এমন একটি দুর্বলতা, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্যাচ প্রকাশ করার আগেই সাইবার অপরাধীরা কাজে লাগাতে পারে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
সিএ/এমআর


