সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাই সেতুর নিচে পড়ে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুই ভাই বেলকুচি উপজেলা থেকে ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন। সেতুর মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার সময় বেলা আড়াইটার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে যান। সামির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটির হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সিএ/এমই


