ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রশান্ত পরিবেশের জন্য মুসল্লিদের আকর্ষণ করছে। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। মসজিদে একসঙ্গে অন্তত ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জুমার দিনে মসজিদ সংলগ্ন সড়কও মুসল্লি দ্বারা পূর্ণ থাকে।
১৯৪০ সালে জহির উদ্দিন নামে একজন সরকারি কর্মকর্তা দানকৃত জায়গায় মসজিদটি স্থাপন করেন। পরবর্তীকালে ২০০৬ সালে আধুনিক ও দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। ৫ তলা বিশিষ্ট ভবনে নামাজ ও ইবাদত ছাড়াও নূরাণী মাদরাসা ও হিফজ্ বিভাগ চালু রয়েছে।
মসজিদের অভ্যন্তর পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা, স্বাস্থ্যকর ওযু ও শৌচাগারসহ আরামদায়ক। প্রতিটি ফ্লোরে ১,৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। পাশের নান্দনিক স্থাপত্য ও পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের প্রশান্তি দেয়।
স্থানীয়রা জানান, মসজিদটি মুসল্লিদের দানেই গড়ে উঠেছে, কোনো একক ব্যক্তি বা বিদেশী অনুদান ছাড়াই। মসজিদের সুউচ্চ মিনার থেকে আজানের ধ্বনি পুরো শহরকে মুখরিত করে।
সিএ/এমআর


