ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত গাড়িতে ২০ শতাংশ কম জ্বালানি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের নির্দেশে এ আদেশ বাস্তবায়ন করা হচ্ছে। আদেশে ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ি ব্যবহার সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশনায় বলা হয়েছে:
- দিনের বেলা যথেষ্ট প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে।
- জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
- অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে হবে।
- ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন ছাড়া চালানো যাবে না। এসি ব্যবহার করলে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
- অফিস ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে। করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না।
- অফিসের সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে এবং আলোকসজ্জা পরিহার করতে হবে।
ডিএসসিসির সব বিভাগ ও আঞ্চলিক অফিসকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। দপ্তর আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
সিএ/এমই


