নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১। রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকার একটি কলাবাগানের ভেতরে সন্দেহজনকভাবে ফেলে রাখা লম্বা আকৃতির একটি ব্যাগের সন্ধান পাওয়া যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, একটি গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়েছে।
তবে এসব অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখে গেছে বা এর সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক বলেন, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএ/এমই


