গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা ও হালকা পানীয়ের চাহিদা বাড়ে। এমন সময় টক লেবু ও পুদিনা পাতার সমন্বয়ে তৈরি মিন্ট লেমোনেড হতে পারে দারুণ একটি পানীয়। সহজ কিছু উপকরণ ব্যবহার করে খুব অল্প সময়েই ঘরে বসে এই সতেজ পানীয় তৈরি করা যায়।
মিন্ট লেমোনেড শুধু স্বাদেই নয়, গরমে শরীরকে ঠান্ডা রাখতেও সহায়তা করে। লেবুর টক স্বাদ এবং পুদিনা পাতার শীতল অনুভূতি একসঙ্গে মিলে পানীয়টিকে আরও সতেজ করে তোলে।
এই পানীয় তৈরি করতে প্রয়োজন একটি মাঝারি আকারের লেবু, তিন টেবিল চামচ পুদিনা পাতা, এক চিমটি লবণ, চার টেবিল চামচ চিনি, দুই গ্লাস ঠান্ডা পানি এবং প্রয়োজন অনুযায়ী বরফ কিউব।
প্রথমে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। এরপর লেবু কেটে তার রস বের করে নিতে হবে।
এরপর ব্লেন্ডারে লেবুর রস, পুদিনা পাতা, লবণ, চিনি এবং ঠান্ডা পানি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে মিন্ট লেমোনেড।
ইচ্ছা করলে পরিবেশনের সময় এতে বরফ কিউব যোগ করা যেতে পারে। গরমের দিনে এই পানীয় শরীরকে দ্রুত সতেজ করে তুলতে পারে এবং তৃষ্ণা মেটাতেও কার্যকর।
সিএ/এমআর


