দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল তেল নিয়ে দেশে পৌঁছাবে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার প্রধানের তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল রোববার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে নজর রাখা হবে।
তিনি আরও বলেন, তেলের কোনো ঘাটতি নেই এবং মজুদ পর্যাপ্ত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সে কারণে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কিংবা সরবরাহ সংকটের আশঙ্কা ছড়িয়ে পড়ায় অনেক স্থানে পেট্রোল পাম্পে গ্রাহকদের ভিড় দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল সংকটের আশঙ্কায় কিছু পাম্প সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাজারে আতঙ্ক তৈরি হলেও সরকারের পক্ষ থেকে নিয়মিত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিএ/এমআর


