২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত বছরের একই সময়ের তুলনায় ৩.৭৩ শতাংশ কমেছে। এই সময়ে রফতানি আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ৬১ লাখ মার্কিন ডলার, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে এ আয় ছিল ২ হাজার ৬৭৯ কোটি ৬৪ লাখ ডলার।
রফতানি আয়ের মধ্যে নিটওয়্যার খাত থেকে এসেছে ১ হাজার ৩৬৮ কোটি ৭১ লাখ ডলার, যা বছরের ব্যবধানে ৪.৫৬ শতাংশ কমেছে। এদিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ২১০ কোটি ৮৯ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২.৭৯ শতাংশ হ্রাস পেয়েছে।
ফেব্রুয়ারি মাসেই তৈরি পোশাক রফতানি আয় কমেছে ১৩.২১ শতাংশ, ২৮১ কোটি ৫৯ লাখ ডলারে। নিটওয়্যার থেকে এসেছে ১৩৯ কোটি ৭১ লাখ ডলার (১৫.৪৬ শতাংশ কম) এবং ওভেন পোশাক থেকে ১৪১ কোটি ৮৭ লাখ ডলার (১০.৮৬ শতাংশ কম)।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ, চামড়া এবং ২৭ ধরনের পণ্য রফতানি হয়েছে। সব মিলিয়ে রফতানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.১৫ শতাংশ কম।
ইপিবি জানিয়েছে, উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইল রফতানি আয় ৫৯ কোটি ৩৪ লাখ ডলার (২.৬৭ শতাংশ বৃদ্ধি), চামড়া ও চামড়াজাত পণ্য ৭৯ কোটি ৯ লাখ ডলার (৪.৪১ শতাংশ বৃদ্ধি) আয় করেছে। তবে কৃষি পণ্যের রফতানি আয় কমেছে ৬৬ কোটি ৮১ লাখ ডলারে, যা ১০.০১ শতাংশ হ্রাস।
ফেব্রুয়ারি মাসে দেশের মোট পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৩৪৯ কোটি ৫২ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১২.০৩ শতাংশ কমেছে।
সিএ/এসএ


