কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে শুক্রবার ধরা পড়েছে ২০৫ কেজি (পাঁচ মণ পাঁচ কেজি) ওজনের একটি বিরল বোল মাছ। মাছটি পরে টেকনাফের আড়তে আনা হয় এবং বিক্রি হয় ২ লাখ ৫৫ হাজার টাকায়। প্রতি কেজির দাম পড়েছে ১,২৫০ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলার মালিক কায়সার উদ্দিন ও মো. নাছিরের নেতৃত্বে ১০ জন জেলে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমের শীলেরকুম এলাকায় জাল ফেলেন। বিকেলে অন্যান্য মাছের সঙ্গে বিশাল বোল মাছও ধরা পড়ে। মাছটি টেকনাফ পৌরসভার লামার বাজারের আড়তে আনা হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ জাফর ও সাইফুল ইসলাম ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ জাফর জানান, রাতভর বোল মাছটি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের বাজারে কেটে কেজি দরে বিক্রি করা হবে। প্রতি কেজি বোল মাছের দাম বিক্রির সময় ১,৭০০–১,৮০০ টাকা হতে পারে। বড় বোল মাছের জন্য প্রতি কেজি দুই হাজার টাকার রেকর্ডও আছে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম বলেন, এত বড় বোল মাছ ধরা পড়া বিরল এবং খুশির খবর। সাধারণত সেন্ট মার্টিনের প্রবাল পাথরের স্তূপ ও আশপাশের পাথর এলাকায় এই প্রজাতির মাছ বেশি থাকে। বড় বোল মাছ খুবই সুস্বাদু।
জেলেরা জানায়, মাছটি ট্রলারে তুলতে এবং আড়তে নিয়ে যেতে ১০–১২ জনের সহযোগিতা প্রয়োজন হয়। স্থানীয়রা এই বিরল মাছ দেখার জন্য আড়তে ভিড় জমায়।
সিএ/এমই


