নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। কড়াইল বস্তি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, যারা ফ্যামিলি কার্ড পাবেন, তারা কার্ড পাওয়ার পর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ পাবেন।
ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬ অনুযায়ী এই কর্মসূচির মূল লক্ষ্য সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনা। নীতিমালায় সুনির্দিষ্টভাবে কিছু শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নীতিমালা অনুযায়ী ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং ০.৫ একর বা তার কম জমির মালিকরা ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করা হবে।
সিএ/এএ


