পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আবু তালেব (৪০) নামের ভুক্তভোগীর মামলায় আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের মোংলার রবি হাওলাদার, খুলনার রূপসার ঝন্টু শেখ এবং খুলনা মডেল থানার দেলোয়ার হোসেন। জেলা পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা ব্যাংকে ঢুকে সাধারণ গ্রাহকের মতো লাইনে দাঁড়িয়ে দেড় থেকে দুই ঘণ্টা অবস্থান করতেন। এরপর সুযোগ বুঝে টাকা উত্তোলনকারীর ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নিতেন। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক নিউটাউন শাখায় এক গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরির সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
পুলিশের ভাষ্য, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় চক্রটি একই কৌশল ব্যবহার করে পটুয়াখালীতে আসত। গত ১২ জানুয়ারি পুরানবাজার এলাকার বাসিন্দা আবু তালেব মিয়ার প্রায় দেড় লাখ টাকা উত্তোলনের সময় তাদের ব্যাগ কেটে টাকা নিয়ে যায় চক্রটি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হলেও তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছিল।
সিএ/এমই


