বাংলাদেশের পল্লী উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। বুধবার (৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা তুলে ধরা হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের চলমান সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান সুইস রাষ্ট্রদূত। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। একই সঙ্গে কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বর্তমান প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড অন্যতম সহযোগী এবং বর্তমান সহযোগিতার পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যাতে মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
উভয়পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আগামী দিনে আরও বেগবান করা সম্ভব হবে।
সিএ/এএ


