বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কোস্ট গার্ডের বেইস ভোলা, স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার সদস্যরা অংশ নেন।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি সংলগ্ন মেঘনা নদী এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি ড্রেজার শনাক্ত করা হয়। যদিও এসব ড্রেজারের বৈধ কাগজপত্র জব্দ করা হয়েছে, কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়নি। অভিযানের সময় কয়েকটি ড্রেজার দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করলেও কোস্ট গার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেন।
জব্দকৃত কাগজপত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জেলা প্রশাসক বরিশালের কার্যালয়ে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের কর্মকর্তারা মঙ্গলবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে ফসলি জমি, বসতভিটা ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মেঘনায় প্রভাবশালী চক্রের অবৈধ বালু উত্তোলন নদীপাড়ের জনজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। প্রশাসনের এ অভিযান অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশায় এলাকাবাসী রয়েছেন।
সিএ/এএ


