ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি ও মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ করে লন্ডনভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল। পরবর্তীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম একই তথ্য উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মোজতবাকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার ঘটনাকে ইরানের কট্টরপন্থীদের বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিতে পারে।
উল্লেখ্য, টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। ওই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারান। আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান।
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বার্তায় জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে। পাশাপাশি রাজধানী তেহরানে একটি বড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনি জীবদ্দশায় আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি। নতুন সর্বোচ্চ নেতা চূড়ান্তভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছে তিন সদস্যের একটি পরিষদ। এতে রয়েছেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই।
সিএ/এএ


