যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটি তার প্রশাসনের উচ্চপর্যায়ের প্রথম সফর। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত বিএনপি সরকারের আমলে মার্কিন প্রশাসনের এটি প্রথম উচ্চপর্যায়ের সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা পল কাপুরকে স্বাগত জানান। সফরের প্রথম দিন তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারিত নেই। বুধবার (৪ মার্চ) থেকে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।
খসড়া সূচি অনুযায়ী, বুধবার সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করবেন তিনি। এদিন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার রাতেই তার ঢাকা ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
সিএ/এএ


