দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ সোমবার তাঁকে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নতুন করে পুরস্কার প্রদানের সময় ঘোষণা করেছিলেন।
আজ সোমবার রাত আটটার দিকে কবি মোহন রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, ‘আমাকে তো তারা (সরকার) এখনো ফরমালি (আনুষ্ঠানিকভাবে) কিছু জানায় নাই। আমি গতকাল সংবাদ সম্মেলনে তিনটা শর্তের কথা বলছি, এগুলো মানলে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেব।’ তবে তিনি পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না বলেও উল্লেখ করেছেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য এবছর মোট ৯ জনকে মনোনীত করা হয়েছিল, যার মধ্যে মোহন রায়হানও রয়েছেন। গত বৃহস্পতিবার অন্য মনোনীতদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে তখন দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ প্রসঙ্গে বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, যা খতিয়ে দেখে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে সমালোচনার মধ্যে গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ২ মার্চ (আজ সোমবার) তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আজ সোমবার পুরস্কার না দেওয়ার কারণ জানতে সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা পাওয়া যায়নি।
এদিকে মোহন রায়হান ব্যক্তিগতভাবে পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না। তিনি জানান, এই অর্থ কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
মোহন রায়হান পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারেরও দাবি করেছেন। তিনি বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর এবং সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার বিতর্ক বা স্থগিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়।
সিএ/এমই


