সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া সড়ক এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রশাসক বলেন, নগরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ, তাই ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় দায়িত্বের শুরুতেই মশা নিধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, জনস্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে একযোগে অভিযান শুরু হয়েছে। বর্তমানে ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও অভিযান পরিচালিত হবে। লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে মশার বিস্তার রোধের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসক নগরবাসীর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সবার অংশগ্রহণ জরুরি। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ওপর গুরুত্ব দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
নতুন প্রশাসক জানান, জনদুর্ভোগের খাতগুলো চিহ্নিত করে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হবে। মশা নিধনের পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএ/এমই


