দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। এই উদ্যোগ সরকারের প্রতি কর্মকর্তাদের ন্যায্য দাবির ওপর গুরুত্ব আরোপ করছে।
সোমবার (২ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর এক দশক পার হলেও নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সব গ্রেডের বেতনবৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে এই ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন।
সিএ/এএ


