দেশের বাজেট গেমারদের জন্য নতুন একটি গেমিং মনিটর উন্মোচন করেছে গিগাবাইট বাংলাদেশ। মাত্র ১৭ হাজার ৫০০ টাকা মূল্যে প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ‘জিএস২৫এফ১৪’ মডেলের এই মনিটরটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বুধবার, ২৫ ফেব্রুয়ারি মনিটরটি বাজারে আসার তথ্য নিশ্চিত করেছে পরিবেশক প্রতিষ্ঠান।
নির্মাতাদের তথ্যমতে, ২৪.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার স্পিড আইপিএস প্যানেল ব্যবহৃত এই মনিটরে রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল। ফলে যেকোনো দিক থেকে দেখলেও রঙ বা ছবির মানে কোনো পরিবর্তন হয় না।
গেমারদের জন্য এতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং মাত্র ১ মিলি-সেকেন্ড এমপিআরটি রেসপন্স টাইম। উচ্চগতির অ্যাকশন গেম খেলার সময় মোশন ব্লার কমিয়ে এটি মসৃণ গেমিং অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে গিগাবাইট। মনিটরটিতে থাকা স্মার্ট ওডি প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট শনাক্ত করে ওভারড্রাইভ লেভেল সমন্বয় করে, যা স্ক্রিনে ঘোস্টিং সমস্যা কমায়।
এছাড়া দ্রুতগতির দৃশ্যে ছবিকে আরও স্থির ও স্পষ্ট রাখতে যুক্ত করা হয়েছে এইম স্টেবালাইজার ফিচার। অন্ধকার দৃশ্যে লুকিয়ে থাকা অবজেক্ট শনাক্তে সহায়তা করবে ব্ল্যাক ইকুয়ালাইজার প্রযুক্তি, যা ডার্ক এরিয়ার ডিটেইলস উজ্জ্বল করে তোলে।
মনিটরটিতে রয়েছে ১২০ শতাংশ এসআরজিবি কালার গ্যামাট এবং এইচডিআর১০ সাপোর্ট, ফলে ব্যবহারকারীরা প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি গেম অ্যাসিস্ট ফিচারের মাধ্যমে অনস্ক্রিন টাইমার ও কাস্টম ক্রসহেয়ার ব্যবহারের সুবিধা রয়েছে। ওএসডি সাইডকিক সফটওয়্যারের মাধ্যমে মাউস ও কিবোর্ড ব্যবহার করেই মনিটরের সব সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে।
এ বিষয়ে গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘দীর্ঘক্ষণ গেমিংয়ের সময় চোখের সুরক্ষার কথা বিবেচনায় রেখে এতে ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাশ্রয়ী দামে প্রিমিয়াম গেমিং অভিজ্ঞতা খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এটি ভালো একটি পছন্দ হতে পারে।’
সিএ/এমআর


