নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সরকারের উপদেষ্টা মাহদী আমিন। এ সময় তার পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ঈদের আগেই এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে এই সম্মানী ভাতা কার্যক্রম চালু করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণের তৃতীয় কর্মদিবসেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
সিএ/এমআর


