ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল ফিতর। অনেকের মাঝেই প্রশ্ন থাকে—এই দুই ইবাদত কি এক নাকি আলাদা। ফিকাহবিদদের মতে, যাকাত ও ফিতরা দুটি স্বতন্ত্র ইবাদত এবং একটির মাধ্যমে অন্যটি আদায় হয় না।
সদকাতুল ফিতর প্রত্যেক সক্ষম মুসলমানের ওপর ওয়াজিব, যিনি ঈদুল ফিতরের দিন ভোরে নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি। এই সম্পদ নগদ অর্থ, সোনা, রুপা বা অন্য যেকোনো সম্পদ হতে পারে। ফিতরা ওয়াজিব হওয়ার জন্য সম্পদের ওপর এক বছর পূর্ণ হওয়া শর্ত নয়।
অন্যদিকে যাকাত ফরজ হয় নির্দিষ্ট কিছু বর্ধনশীল সম্পদের ওপর। সোনা, রুপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ও গবাদিপশু এর অন্তর্ভুক্ত। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এসব সম্পদের পরিমাণ সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্যের সমান হলে এবং তার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হয়।
আলেমদের মতে, ফিতরার মূল উদ্দেশ্য হলো রমজানের শেষে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং ঈদের আনন্দে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। আর যাকাতের উদ্দেশ্য সমাজে সম্পদের ন্যায্য বণ্টন, দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা।
সিএ/এমআর


