বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এত বিপুল জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মসজিদুল হারামে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি।
মসজিদের প্রবেশদ্বার, প্রস্থানপথ ও করিডরজুড়ে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেন্সর ও গণনাব্যবস্থা। এসব সেন্সর রিয়েল টাইমে হাজিদের চলাচল পর্যবেক্ষণ করে মানুষের প্রবাহের সঠিক তথ্য সংগ্রহ করে। কোথায় কত মানুষ রয়েছে বা কোথায় ভিড় বাড়ছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে যায়।
এই তথ্য বিশ্লেষণ করে নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বশীলরা মাঠ পর্যায়ের সমন্বয় টিমকে দ্রুত নির্দেশনা দিতে পারেন। কোনো এলাকায় ভিড়ের ঘনত্ব বেড়ে গেলে সঙ্গে সঙ্গে বিকল্প পথ খুলে দেওয়া, প্রবেশ নিয়ন্ত্রণ বা নিরাপত্তা টিম মোতায়েন করা সম্ভব হয়। এতে সম্ভাব্য সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা যায়।
স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মসজিদের বিশাল প্রাঙ্গণ ও পথঘাটে মানুষের চলাচল ভারসাম্যপূর্ণভাবে বণ্টন করা হচ্ছে। এর ফলে হাজিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারছেন এবং অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো সহজ হচ্ছে।
সবচেয়ে বড় সুবিধা হলো সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো আগেভাগেই শনাক্ত করা। কোনো এলাকায় মানুষের জমায়েত অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে সিস্টেম তা শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে। প্রযুক্তিগত নজরদারি ও মাঠ পর্যায়ের প্রস্তুতির সমন্বয়ে হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
সিএ/এমআর


