পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে তারা বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত।
এ ঘটনায় হত্যা মামলায় উচ্চ আদালত বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ২৮৩ জনকে খালাস দেন। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার বিচার এখনো বিচারিক আদালতে চলমান রয়েছে।
জাতীয় শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমআর


