কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে চকরিয়ার চিরিংগা-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নওশাদ শরীফ নূর (১২)। সে চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে এবং চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছেন, নওশাদ সকালেই প্রাইভেট ক্লাসে যেতে ইজিবাইকে ওঠে। পথে দক্ষিণ বাটাখালী এলাকায় যান চলাচলের সময় হঠাৎ ইজিবাইক থেকে ছিটকে সড়কে পড়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা দ্রুত নওশাদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওশাদের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সে প্রতিদিনের মতো সকালেই প্রাইভেট ক্লাসে যাওয়ার জন্য ইজিবাইকে উঠেছিল। তবে বাড়ির কাছাকাছি দক্ষিণ বাটাখালী এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, থানার কাছাকাছি সড়কেই দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীর লাশ ইতোমধ্যেই উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি দ্রুত গতিতে চলে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিএ/এমই


