রাজধানীর মিরপুর এলাকায় বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর-১১ নম্বরের প্রধান সড়কে এই অবরোধ শুরু হয়। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও অবরোধ চলছিল। সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জানুয়ারি মাসের বেতন–ভাতা পরিশোধ করা হয়নি।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, পল্লবীর ৭ নম্বর সেকশনের অ্যালায়েন্স ভবনে অবস্থিত এস এম ফ্যাশন কারখানার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন–ভাতা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা সড়কে নেমে আসেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, কয়েক দফা আশ্বাস দেওয়া হলেও বকেয়া পরিশোধের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অবিলম্বে বকেয়া বেতন–ভাতা পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ঘটনাস্থলে থানা-পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
সিএ/এমই


