পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দলও অংশগ্রহণ করে।
অভিযানকালে গোলার বাজারের বিভিন্ন দোকান—ফল, মুদি, মাংস ও মিষ্টি দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। বিভিন্ন অসংগতির কারণে বাজারে ৬টি দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজার সংলগ্ন সরদার বেকারিতে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইড্রোজ, টেক্সটাইল ডাই এবং অনুমোদনহীন কেমিক্যাল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির যথাযথ কর্তৃপক্ষের কোনো নিবন্ধন না থাকায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এভাবে মোট ৭টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন রঙ ও কেমিক্যাল ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিকে অসংগতিসমূহ সংশোধনের জন্য ৪ মাস সময় দেওয়া হয়েছে, অন্যথায় নিরাপদ খাদ্য আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য বলেন, বেকারি, মিষ্টি ও ফলের দোকানে বিভিন্ন অসংগতি পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। তিনি জানান, জনস্বার্থে এই ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, মাহে রমজান উপলক্ষে জেলা নিরাপদ খাদ্য ও র্যাব-৮ এর চৌকস টিম নড়িয়া উপজেলার গোলার বাজারে ফল, খেজুর, গরুর মাংস, মুদি, মিষ্টি, লেবু ও বেকারির ওপর অভিযান পরিচালনা করেছে। সাতটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ব্যবসায়ীদের বিভিন্ন অসংগতির বিষয়ে সতর্ক করা হয়েছে।
সিএ/এএ


