নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতা তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি পলিপ্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন এবং একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


