নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সময়মতো ও সঠিক নিয়মে নামাজ আদায় করা আবশ্যক হলেও নামাজের সময় ভুল হলে কী করণীয়—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে।
এমনই একটি প্রশ্ন হলো, ভুলবশত এক রাকাতে তিনটি সেজদা করলে নামাজ শুদ্ধ হবে কি না। এ বিষয়ে ফিকহবিদরা বলেন, প্রতি রাকাতে দুটি সেজদা ফরজ। কেউ ভুলক্রমে দুইটির পরিবর্তে তিনটি সেজদা করে ফেললে নামাজ বাতিল হয় না। তবে এই ভুলের কারণে সাহু সেজদা করা ওয়াজিব হয়ে যায়।
অতিরিক্ত সেজদার ফলে নামাজের পরবর্তী রুকন বিলম্বে আদায় হয়। নামাজের কোনো রুকন বিলম্বে আদায় হলে সাহু সেজদা ওয়াজিব হয়। যদি সাহু সেজদা আদায় না করা হয়, তাহলে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে।
এ প্রসঙ্গে হজরত আতা (রহ.) বলেন, যদি কেউ নিশ্চিত হয় যে কোনো রাকাতে তিনটি সেজদা করেছে, তাহলে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সেজদা আদায় করবে।
আলেমদের মতে, নামাজে ভুল হলে হতাশ না হয়ে শরিয়ত নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশোধন করাই উত্তম।
সূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি, খণ্ড ২, পৃষ্ঠা ৩০৮
সিএ/এমআর


