রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য মুক্তি দিয়ে তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্ত হয়ে উপস্থিত হন আলাউদ্দিন পাটোয়ারী। তিনি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবার সূত্রে জানা যায়, আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে মারা যান। বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে জানাজাস্থলে নেওয়া হয়। জানাজা শেষে আবারও তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিনকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
এর আগে গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছেন।
সিএ/এএ


