অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। দিবসটি উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই দিবসটি পালনের কর্মসূচি চূড়ান্ত করা হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বারের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এ জন্য কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
জাতীয় ভোটার দিবসের মাধ্যমে ভোটার তালিকার গুরুত্ব ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে কমিশন।
সিএ/এমআর


