ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে আনা একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে পুড়ে যাওয়া ট্রাকটি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে কয়েকজন ব্যক্তি গ্রামের রণগোপালের বাড়ির গোয়ালঘরে প্রবেশ করেন। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে জড়ো হন। পরিস্থিতি বেগতিক বুঝে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। তবে তারা যে ট্রাকটি গরু বহনের জন্য এনেছিলেন, সেটি ঘটনাস্থলে ফেলে যান।
পরে উত্তেজিত গ্রামবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে এলে চোরেরা দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিএ/এমই


