বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায় পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় নয় বছর আগের একটি ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগকারীর দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পর সেখানে উপস্থিত হননি তিনি।
২০১৭ সালে উত্তর প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে সাড়ে ১৪ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়। ওই সময় মুরাদাবাদের একটি হোটেলে তার থাকার ব্যবস্থাও করে দেন আয়োজকরা। তবে অনুষ্ঠানের নির্ধারিত দিনে ভেন্যুতে হাজির হননি অভিনেত্রী, যা নিয়ে আয়োজকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
অভিযোগকারী জানান, পরবর্তীতে আলোচনা করে আমিশা পুরো অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি আদালতের শরণাপন্ন হন এবং আদালত আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
অন্যদিকে, সামাজিক মাধ্যমে আমিশার দাবি—বিষয়টি বহু আগেই মীমাংসা করা হয়েছে এবং অগ্রিম অর্থও ফেরত দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এমনকি তার আইনজীবী ইভেন্ট অর্গানাইজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী।
সূত্র: বিনোদন প্রতিবেদক
সিএ/এসএ


