জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয়লাভ করে।
ম্যাচ শেষ হওয়ার পর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে মাঠে দায়িত্ব পালনরত কয়েকজন শিক্ষকও আহত হন।
সংঘর্ষে আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ খায়রুল ইসলাম ও নাজমুস সাকিব। আহত শিক্ষার্থীদের মধ্যে আবু মুসা, মো. মিন্টু, মোহাম্মদ রিফাত ও ফাতেমা আলীসহ আরও কয়েকজন রয়েছেন।
আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা হস্তক্ষেপ করেন। তাঁদের উদ্যোগে সংঘর্ষ থেমে আসে এবং মাঠের পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সিএ/এমই


