ফেসবুক স্টোরিজ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটির সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলোর একটি। নিয়মিত পোস্টের পাশাপাশি ছবি ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করার সুযোগ দেয় এই স্টোরি সুবিধা। তবে অনেক সময় অসাবধানতাবশত ব্যক্তিগত বা অপ্রাসঙ্গিক কোনো ছবি কিংবা ভিডিও স্টোরিতে প্রকাশ হয়ে গেলে ব্যবহারকারীরা বিব্রত অবস্থায় পড়েন। এমন পরিস্থিতিতে দ্রুতই স্টোরি থেকে নির্দিষ্ট কনটেন্ট মুছে ফেলা সম্ভব।
স্টোরি থেকে ছবি বা ভিডিও মুছতে হলে প্রথমে ফেসবুক অ্যাপের নিউজ ফিডের একদম ওপরে থাকা স্টোরিজ সেকশনে প্রবেশ করতে হবে। সেখানে ‘ইয়োর স্টোরি’ অপশনে ক্লিক করলে নিজের প্রকাশিত সব স্টোরি দেখা যাবে। যেটি মুছতে চান, সেটি নির্বাচন করে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে ট্যাপ করতে হবে।
এরপর প্রদর্শিত অপশন থেকে ‘ডিলিট ফটো’ অথবা ‘ডিলিট ভিডিও’ নির্বাচন করলেই সঙ্গে সঙ্গে ওই ছবি বা ভিডিওটি স্টোরি থেকে মুছে যাবে। ব্যবহারকারীর আর কোনো অতিরিক্ত ধাপ অনুসরণ করার প্রয়োজন হবে না।
ফেসবুক জানিয়েছে, স্টোরি থেকে কোনো ছবি বা ভিডিও মুছে দিলে সেটি একই সঙ্গে মেসেঞ্জার থেকেও অপসারণ হয়ে যাবে। কারণ স্টোরিতে করা যেকোনো পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও মেসেঞ্জার—দুই প্ল্যাটফর্মেই হালনাগাদ হয়। ফলে আলাদাভাবে মেসেঞ্জারে গিয়ে কনটেন্ট মুছতে হয় না।
সিএ/এমআর


