শীত মৌসুমে পিঠা-পুলির আয়োজন বাড়ে, আর সেই সঙ্গে প্রয়োজন হয় প্রচুর নারকেল। তবে অনেকের বাসায় নারকেল কোরানোর দা বা মেশিন না থাকায় কাজটি বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। সহজ কিছু কৌশল জানা থাকলে অল্প সময়েই পরিশ্রম ছাড়াই নারকেল প্রস্তুত করা সম্ভব।
প্রথম কৌশল হলো সেদ্ধ করা। নারকেল ফুটন্ত পানিতে প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখা যেতে পারে অথবা পাঁচ মিনিট সেদ্ধ করা যেতে পারে। এতে খোলস নরম হয়ে আসে এবং সামান্য চাপ দিলেই ভেঙে যায়। পাশাপাশি শাঁসও নরম হয়ে যায়, যা চামচ দিয়ে সহজে তুলে নেওয়া যায়। পরে ব্লেন্ডারে দিলে দ্রুত নারকেল কোরানো সম্পন্ন হয়।
দ্বিতীয় কৌশল হিসেবে ফ্রিজ ব্যবহার করা যেতে পারে। নারকেল দুই টুকরো করে ফ্রিজে দুই দিন রেখে দিলে শাঁস খোলস থেকে আলাদা হতে শুরু করে। এরপর ছুরি বা ভারী কিছু দিয়ে টোকা দিলে সহজেই শাঁস বেরিয়ে আসে। ফুড প্রসেসরে দিলে অল্প সময়েই নারকেল প্রস্তুত করা যায়।
তৃতীয় পদ্ধতিতে মাইক্রোওভেন ব্যবহার করা হয়। নারকেলের টুকরো ৩০ সেকেন্ড করে কয়েকবার মাইক্রোওভেনে ঘোরালে খোসা থেকে শাঁস আলাদা হতে শুরু করে। অতিরিক্ত গরম না করে পর্যায়ক্রমে পরীক্ষা করে শাঁস বের করে নেওয়াই নিরাপদ। পরে ব্লেন্ডারের সাহায্যে নারকেল ব্যবহার উপযোগী করা যায়।
সিএ/এমআর


