আফগানিস্তান সরকার যদি সীমান্তে স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে না পারে, তবে পাকিস্তান আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জিও নিউজ, দ্য নিউজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।
ফ্রান্স ২৪–কে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, কাবুলের কর্তৃপক্ষ যদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়, তাহলে আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে পাকিস্তান কোনো দ্বিধা করবে না।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে আফগান তালেবান ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘাতে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী নিহত হন এবং পাকিস্তানের অন্তত ২৩ জন সৈন্য প্রাণ হারান।
এই উত্তেজনার মধ্যেও একাধিক দফায় আলোচনার চেষ্টা হলেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালেবান প্রশাসনের অনীহার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। একই সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় দুই দেশই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে।
এদিকে সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়েও মন্তব্য করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।
পাকিস্তান অন্য কিছু মুসলিম দেশের মতো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, বর্তমানে ইসলামাবাদ এমন কোনো পদক্ষেপ ভাবছে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হলে ভবিষ্যতে অবস্থান পুনর্বিবেচনা করা হতে পারে।
সূত্র
সিএ/এসএ


