নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময় চুপিসারেই বাংলাদেশে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
জানা গেছে, আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সাবেক জার্মান স্ট্রাইকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান। ঢাকার মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি উন্নয়নমূলক প্রজেক্ট উদ্বোধনই তার প্রধান উদ্দেশ্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সহায়তা করছে। ডাকসু সম্পাদক মিনহাজ উদ্দীনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে এই প্রজেক্ট মেডিকেল সেন্টারকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছে।
ওজিল গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান। তার সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে। ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) তারা রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেবেন। এরপর রাতেই দেশ ছাড়বেন।
উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। ২০২৩ সালে তুর্কির ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে খেলার সময় তিনি ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
সিএ/এসএ


