টক জাতীয় খাবারের কথা ভাবলেই বা চোখের সামনে দেখলেই অনেকের মুখে হঠাৎ লালা জমে যায়। এই প্রতিক্রিয়া এতটাই স্বাভাবিক যে অনেক সময় টক খাওয়ার আগেই মুখে পানির উপস্থিতি টের পাওয়া যায়। বিষয়টি কেবল অভ্যাস নয়, এর পেছনে রয়েছে শরীরের জৈবিক প্রতিক্রিয়া।
বিজ্ঞানীদের মতে, টক স্বাদ মূলত অ্যাসিডের উপস্থিতির কারণে তৈরি হয়। লেবু, তেঁতুল, টক দই বা ভিনেগারের মতো খাবারে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যা জিহ্বার স্বাদগ্রন্থিকে উদ্দীপ্ত করে টক অনুভূতি তৈরি করে।
এই অ্যাসিড আমাদের মুখের ভেতরের নরম কোষের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে। তাই শরীর নিজেকে সুরক্ষিত রাখতে আগে থেকেই প্রস্তুতি নেয়। যখনই আমরা টক খাবার দেখি বা তা নিয়ে ভাবি, তখন মস্তিষ্ক লালাগ্রন্থিকে সংকেত পাঠায়। ফলে মুখে দ্রুত লালা তৈরি হয়।
এই লালা আসলে অ্যাসিডকে পাতলা করে তার তীব্রতা কমিয়ে দেয়, যাতে তা মুখের ভেতরের অংশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। অর্থাৎ এটি শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
তবে মজার বিষয় হলো, শরীর টক থেকে নিজেকে রক্ষা করতে চাইলেও মানুষ টক স্বাদ পছন্দ করে। গবেষকদের ধারণা, মানুষের শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না বলে টক খাবারের প্রতি এই আকর্ষণ তৈরি হয়েছে, কারণ এসব খাবারে সাধারণত ভিটামিন সি বেশি থাকে।
এছাড়া আমাদের জিহ্বায় থাকা স্বাদগ্রন্থি ও স্মৃতির সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো টক খাবারের স্বাদ একবার মনে গেঁথে গেলে, পরবর্তীতে তা দেখলেই একই প্রতিক্রিয়া তৈরি হয়।
সিএ/এমআর


