রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি প্রশ্ন তৈরি হয়। স্বপ্নদোষ বা বৈধ সহবাসের কারণে গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কি না—এ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকে।
ইসলামি বিধান অনুযায়ী, সুবহে সাদিকের আগে গোসল করা উত্তম। তবে কোনো কারণে ফজরের আগে গোসল করা সম্ভব না হলেও গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে রোজা ভেঙে যায় না। সেহরির সময় কম থাকলে গোসল না করেই সেহরি খাওয়া যাবে, তবে ফজরের নামাজের আগে অবশ্যই গোসল সম্পন্ন করতে হবে।
রোজা অবস্থায় ফরজ গোসলের নিয়ম সাধারণ সময়ের মতোই। তবে কুলি করার সময় গড়গড় করে কুলি করা যাবে না এবং নাকে পানি দেওয়ার সময় নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো থেকে বিরত থাকতে হবে, যাতে পানি ভেতরে চলে না যায়।
ইসলামি শিক্ষায় রোজার বিধান পালনের পাশাপাশি পবিত্রতা ও নামাজের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাই সঠিক নিয়ম জেনে রোজা ও ইবাদত পালন করাই উত্তম।
সিএ/এমআর


