প্রতিদিনের একঘেয়ে খাবারের বাইরে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে ‘বেগুন বাহার’ হতে পারে একটি আকর্ষণীয় পদ। পোলাও বা মাংসের পর ভিন্ন স্বাদের এই রেসিপি সহজেই তৈরি করা যায় ঘরে বসেই।
এই পদ তৈরিতে প্রয়োজন আধা কেজি বেগুন, পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, কাশ্মীরি লাল মরিচগুঁড়া, জিরাগুঁড়া, ভাজা জিরাগুঁড়া, গরম মসলার গুঁড়া, কাজুবাদামবাটা, তেজপাতা, আস্ত জিরা, কুকিং ক্রিম, টক দই, লবণ, চিনি ও পরিমাণমতো তেল।
প্রথমে বেগুন কেটে ধুয়ে সামান্য হলুদ, মরিচগুঁড়া ও লবণ মেখে তেলে ভেজে নিতে হয়। এরপর একই তেলে আস্ত জিরা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হয়। পরে একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে ভুনে নিতে হয়।
এরপর টক দই ও কাজুবাদামবাটা দিয়ে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে আবার রান্না করতে হয়। পর্যাপ্ত ঝোল তৈরি হলে ভাজা বেগুনগুলো যোগ করা হয়। শেষে কুকিং ক্রিম, গরম মসলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে অল্প সময় রান্না করে নামিয়ে নিতে হয়।
স্বাদে ভিন্নতা ও ঘন গ্রেভির কারণে এই পদটি সহজেই সবার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।
সিএ/এমআর


