ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই বিশেষ সতর্কতা প্রয়োজন।
চিকিৎসকদের মতে, ভ্রমণের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা গর্ভাবস্থায় পূর্ব জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।
গর্ভাবস্থার সময়কাল বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। প্রথম তিন মাস ও শেষের এক মাস ভ্রমণ এড়িয়ে চলা ভালো। এই সময় গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। দ্বিতীয় ত্রৈমাসিক সময়টিকে তুলনামূলক নিরাপদ ধরা হয়।
ভ্রমণের সময় আরামদায়ক যানবাহন নির্বাচন করা উচিত। দীর্ঘ সময় বসে না থেকে মাঝেমধ্যে বিরতি নিয়ে চলাফেরা করলে শরীরের জন্য উপকারী। একই সঙ্গে সিটবেল্ট ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, যাতে পেটে চাপ না পড়ে।
প্রয়োজনীয় ওষুধ, প্রেসক্রিপশন ও মেডিকেল নথি সঙ্গে রাখা জরুরি। পাশাপাশি ভ্রমণের সময় নিরাপদ খাবার গ্রহণ এবং পরিষ্কার পানি পান করা উচিত। দীর্ঘ সময় না খেয়ে থাকা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া ভিড়ের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে। এসব সতর্কতা মেনে চললে অন্তঃসত্ত্বা নারীদের ঈদযাত্রা অনেকটাই নিরাপদ হতে পারে।
সিএ/এমআর


