গরমের দিনে কিংবা ইফতারের টেবিলে সতেজ ও পুষ্টিকর খাবার হিসেবে ফলের চাট বেশ জনপ্রিয়। নানা ধরনের ফল একসঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবারটি। অল্প সময়েই প্রস্তুত করা যায় বলে অনেকেই ঘরে বসেই এই স্বাস্থ্যকর পদটি বানিয়ে থাকেন।
ফলের চাট তৈরি করতে বিভিন্ন মৌসুমি ফল ব্যবহার করা যায়। এতে স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরও পায় প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান। সাধারণত কলা, পেয়ারা, আম, আঙুর, আপেল, তরমুজ, কমলা ও আনারসের মতো ফল ব্যবহার করা হয়। চাইলে আনার দানা যোগ করেও স্বাদ বাড়ানো যায়।
এই চাট তৈরির জন্য প্রয়োজন পাকা কলা চারটি, পাকা পেয়ারা একটি, পাকা আম দুটি, সবুজ আঙুর সিকি কাপ, কালো আঙুর সিকি কাপ, লাল আপেল একটি, তরমুজ দেড় কাপ, কমলা এক কাপ, আনারস এক কাপ এবং আনার দানা সিকি কাপ। পাশাপাশি স্বাদের জন্য প্রয়োজন লবণ আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, চাট মসলা এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, চিনি এক টেবিল চামচ এবং পুদিনাপাতা কুচি এক টেবিল চামচ।
প্রথমে সব ফল পরিষ্কার করে ছোট কিউব বা গোল আকারে কেটে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে সব ফল একত্রে নিয়ে তাতে লবণ, চিনি, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও চাট মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শেষে পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিলে স্বাদ ও সুগন্ধ আরও বাড়বে।
সব উপকরণ মেশানোর পর পাত্রটি ঢেকে দুই থেকে তিন ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিলে ফলের স্বাদ আরও ভালোভাবে মিশে যায়। পরে পরিবেশন পাত্র বা গ্লাসে তুলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় সুস্বাদু ফলের চাট।
সিএ/এমআর


