শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর হলেও কিছু খাবারের সঙ্গে দুধ খেলে উপকারের বদলে শরীরের ক্ষতি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
পুষ্টিবিদদের মতে, দুধ খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নিয়ম না মানলে হজমের সমস্যা, পেট ব্যথা কিংবা অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন ছয়টি খাবারের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো দুধের সঙ্গে একসঙ্গে খাওয়া উচিত নয়।
কলা ও দুধ একসঙ্গে খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও এটি হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। আয়ুর্বেদ মতে, এই দুটি একসঙ্গে খেলে শরীরে কফের প্রভাব বাড়ে, বিশেষ করে যাদের হজম ক্ষমতা দুর্বল।
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে পেট ব্যথা, বমি কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। দুধ খাওয়ার অন্তত এক ঘণ্টা পর লেবু জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মাছ ও মাংসের সঙ্গে দুধ খেলে হজমে গুরুতর ব্যাঘাত ঘটতে পারে। একাধিক প্রোটিনসমৃদ্ধ খাবার একসঙ্গে গ্রহণ করলে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে।
চকোলেট ও দুধ একসঙ্গে খেতে ভালো লাগলেও কোকোতে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করতে পারে। এতে ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।
ফাস্টফুড খাওয়ার পর দুধ পান করলে দুধের পুষ্টিগুণ ঠিকভাবে পাওয়া যায় না, বরং বদহজমের সমস্যা দেখা দেয়। একইভাবে ইডলি ও দোসার মতো ফার্মেন্টেড খাবারের সঙ্গে দুধ খেলে গ্যাস, পেট ফাঁপা ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়তে পারে।
সিএ/এমআর


