পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হবে।
২০২৬ সালের কলেজগুলোর বাৎসরিক ছুটির তালিকা থেকে জানা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত একটানা বন্ধ থাকবে কলেজ। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলো খুলবে।
ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটিগুলো প্রদান করতে পারবেন।
সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় দেখা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে এবং ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।
সিএ/এসএ


