নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার নম্বর ৪১ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়। ২০২৪ সালের ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।
মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে নিহত হন ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল। মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন, যা আদালত গ্রহণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন পান।
প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। নভেম্বর মাসে হাইকোর্ট ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
সিএ/এএ


