রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে র্যাব-৫–এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠের উত্তর পাশে অবস্থিত একটি লেবুবাগানে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে—এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়।
পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বস্তা দুটি তল্লাশি করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করে। একই সঙ্গে একটি পৃথক সাদা প্লাস্টিকের বস্তা থেকে কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু রয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ককটেল ও অস্ত্রের মালিক সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল।
উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু ও দেশি অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএ/এমই


