জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকার আদালত এ আদেশ দেন। এর আগে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান জানান, আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত তাৎক্ষণিক শুনানি না করে ২৪ মার্চ দিন নির্ধারণ করেন। পাশাপাশি ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার (১৫ মার্চ) দুপুরে সাভারের একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহত শিক্ষার্থীর চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ফাহিম আল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে হাজির করা হয়।
সিএ/এমই


