দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও দেশি–বিদেশি বিনিয়োগ সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ট্যাক্স বাড়াতে হবে। পাশাপাশি দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। সামনে এগুলোই অগ্রাধিকার পাবে। তিনি জানান, আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিনিয়োগ ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নির্বাচনী কর্মসূচিতে কর্মসংস্থান একটি বড় অঙ্গীকার। সে লক্ষ্যেই সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। আগামী বাজেটেও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
চট্টগ্রাম–১১ (বন্দর ও পতেঙ্গা) আসনের সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতেঙ্গা অঞ্চলে বড় কোনো হাসপাতাল না থাকায় দীর্ঘদিন ধরে একটি আধুনিক হাসপাতালের দাবি ছিল। সেই প্রেক্ষাপটে এখানে একটি বড় জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবার পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আলাদা প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এর আগে বিকেলে তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল–২–এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ–সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। পরে পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১ একর জমি সরেজমিন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সিএ/এমই


