চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ছয় বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুক্তভোগী শিশুর পরিবার গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিনের কাছে বিচার প্রার্থনা করলে তিনি ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর চার দিনের মাথায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, জোরারগঞ্জ থানাধীন রঘুনাথপুর এলাকায় একটি ভাড়াবাসায় পরিবারসহ বসবাস করতেন ভুক্তভোগী শিশুর বাবা মো. উজ্জ্বল হাওলাদার। ঘটনার দিন সকালে শিশুটি পাশের বাড়িতে খেলতে গেলে দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তের ঘর থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি গোপন রাখতে চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি জোরারগঞ্জ থানার খান সিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সিএ/এমআর


