মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাকালুকি হাওর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি দল হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে পঙ্খী মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের উৎস ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ওসি মনিরুজ্জামান খান জানান, গাঁজাসহ আটক পঙ্খী মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এএ


